
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি: “জীবনের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সৌহার্দ্য নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” — এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম।
মঙ্গলবার (মহাষ্টমী) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের রঘুনাথপুর রক্ষিতবাড়ী দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভিপি ইব্রাহিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করে আসছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজারীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে প্রত্যেক মানুষ নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না, কাউকে ভয়ভীতি দেখানো বা হয়রানি করা যাবে না। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি নয়, বরং ঐক্য, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠাই হোক আমাদের মূল লক্ষ্য।”
মন্দির পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রঘুনাথপুর রক্ষিতবাড়ী দুর্গামন্দির কমিটির সভাপতি আনন্দ মোহন রক্ষিত বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হান, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অরুণ প্রসাদ মজুমদার এবং বোয়ালী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আলাল উদ্দিন।
এ সময় বোয়ালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য তাহমিনা আক্তার, লিয়াকত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।