
সাভার (ঢাকা) প্রতিনিধি || সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদ এবং প্রবাসীদের নিরাপত্তা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করেছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (NGWU)-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নিয়ে বিদেশে বাংলাদেশি নাগরিকদের আইনি অধিকার সুরক্ষা এবং বিপদের সময় তাঁদের পাশে দাঁড়াতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে তাঁর সুষ্ঠু বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন। বক্তব্য দেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অর্গানাইজার ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, ট্রেড ইউনিয়ন গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনছুর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। অথচ বিদেশে আটক, বিচারাধীন কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং দূতাবাসগুলোর কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদেশে আটক বাংলাদেশি নাগরিকদের কার্যকর ও সময়োপযোগী কনস্যুলার সহায়তা নিশ্চিত করা, মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা নাগরিকদের মামলায় বিশেষ নজরদারি ও জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, বিচারাধীন বাংলাদেশিদের প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা প্রদান, সংশ্লিষ্ট দূতাবাসগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, বিদেশে আটক ও বিচারাধীন নাগরিকদের মামলার অগ্রগতি পর্যবেক্ষণে ডিজিটাল কেস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা এবং প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করা।
বক্তারা আরও বলেন, তাঁরা কোনো অপরাধীকে আড়াল করার দাবি জানাচ্ছেন না; বরং প্রতিটি মামলায় আইনসম্মত বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলছেন। তাঁদের মতে, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন, তাঁরা বাংলাদেশের নাগরিক। তাই বিদেশে বিপদের মুখে পড়লে তাঁদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন থেকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের মানবিক মর্যাদা, আইনি অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা।