
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় অবস্থিত শারমিন গ্রুপের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং দেশের সব গার্মেন্টস কারখানায় নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি (এনজিডব্লিউইউ) ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তাঁরা শারমিন গ্রুপের শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও গার্মেন্টস শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে সহিংসতা, নির্যাতন কিংবা অনিরাপদ পরিবেশের শিকার না হন, সে জন্য সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শ্রমিক হত্যার অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের সব গার্মেন্টস কারখানায় শোভন, নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা, কর্মক্ষেত্রে সহিংসতা বন্ধ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।