
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:মোঃ শফিকুল ইসলাম।
বরিশালের গৌরনদীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই ক্রেতার ছদ্মবেশে সংশ্লিষ্ট দোকানে যান। এ সময় তিনি গ্যাস সিলিন্ডারের দাম জানতে চাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম চাওয়ার বিষয়টি প্রমাণিত হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ডিলারের কাছ থেকে গ্যাস সিলিন্ডার কেনার কোনো রসিদ দেখাতে পারেনি। এতে ক্রয়-বিক্রয়ের তথ্য গোপনের বিষয়টিও প্রতীয়মান হয়।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।