
নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হামলায় তারা নিহত হন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে দুই নেতার মৃত্যুর তথ্য জানান। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাতে হামলা চালায়। এতে কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।