একাধিক ফিজিক্যাল সিম ব্যবহার করা যায়, এমন ফোনে প্রতিটি সিমের জন্য আলাদা আইএমইআই নম্বর থাকে।
নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানে ফোন নিবন্ধন ও শনাক্তকরণের কাজে এই নম্বর ব্যবহৃত হয়। ফোন হারালে বা চুরি হলে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এই নম্বর দিয়ে ফোনটি ব্ল্যাকলিস্ট করা যায়।
যেভাবে খুঁজে পাবেন
ফোনের বক্স বা প্যাকেজিংয়ে, কাগুজে বা ডিজিটাল রসিদে, নেটওয়ার্ক সেবাদাতার অ্যাকাউন্টে, ফোনের সেটিংসে, কিপ্যাডে *#06# ডায়াল করে।
কোনোভাবেই না পেলে নিজের নেটওয়ার্ক সেবাদাতার সহায়তা দলের সঙ্গে যোগাযোগ করা যায়।
বিক্রেতার কাছে নম্বর চাওয়া কেন জরুরি
নতুন বা ব্যবহৃত, যেকোনো ফোন বিক্রির সময় বিক্রেতার উচিত আইএমইআই নম্বর দেওয়া, আর ক্রেতারও তা চেয়ে নেওয়া উচিত। এই নম্বর দিয়ে বোঝা যায় ফোনটি চুরি হয়েছে কি না এবং নির্দিষ্ট নেটওয়ার্কে কাজ করবে কি না। অনলাইনে কেনাকাটায় কোনো বিক্রেতা নম্বর দিতে অস্বীকার করলে সতর্ক থাকুন, কারণ তিনি চোরাই পণ্য বিক্রি করতে পারেন।
শুধু আইএমইআই নম্বর দিয়ে কোনো ফোন হ্যাক বা ট্র্যাক করা সম্ভব নয়। তবু বিক্রেতার উচিত কেবল প্রকৃত ক্রেতাকে ব্যক্তিগত বার্তায় নম্বরটি দেওয়া। সতর্কতা হিসেবে ক্রেতারও সেই কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করে রাখা উচিত।
নম্বর পাওয়ার পর কী করবেন
নম্বরটি বৈধ কি না এবং ফোনটি চুরি বা হারানোর অভিযোগ নথিভুক্ত আছে কি না, তা যাচাই করে নিন। যাচাইয়ের জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে। কিছু সাইট ফি নেয়, কিছু বিনামূল্যে সেবা দেয়। ফিশিং প্রতারণা এড়াতে যে সাইটই ব্যবহার করুন, আগে সেটি সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন।