
চট্টগ্রাম মহানগর এবং জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চার দিনের জন্য ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে ১৬টি ছাদযুক্ত যানবাহন চেয়ে চিঠি পাঠিয়েছে বিজিবির চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)।
সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও ওই চার উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এজন্য চালক ছাড়া প্রতি গাড়িতে ১০ জন সদস্য বহনে সক্ষম ১৬টি ছাদযুক্ত যানবাহন ৮ বিজিবির প্রশিক্ষণ মাঠে পাঠাতে বলা হয়েছে। যানবাহনগুলো পাওয়া সাপেক্ষে দ্রুত বিজিবি সদস্যদের মোতায়েন করা সম্ভব হবে বলে চিঠিতে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার ১৮ নভেম্বরের দুটি স্মারকের সূত্র ধরে বিজিবির পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে। এর অনুলিপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।