
বরিশাল গৌরনদী প্রতিনিধি:

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের চাঁদশী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা জনসমুদ্রে রূপ নেয়।
চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্বালাময়ী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাচনী আইনজীবী বিষয়ক উপ-কমিটির প্রধান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ইউনাইটেড লয়ার ফ্রন্টের সমন্বয়কারী এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে বরিশাল-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করাই আজ সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব।
এডভোকেট সজল আরও বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। জনগণের কণ্ঠরোধ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া আর কোনো শক্তি নেই। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে, মানুষের নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনতে একমাত্র বিএনপির নেতৃত্বই দেশকে সঠিক পথে নিতে পারে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা গুজবে কান না দিয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে নামতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং ভোটের মাঠে বিজয় ছিনিয়ে আনতে হবে।
নির্বাচনী এই জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জনসভাটি ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থনের দৃশ্যমান প্রকাশ হিসেবে পরিণত হয়।