
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি বসতবাড়িতে লুটের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১ লাখ নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ণ প্রকল্পের পাশে মফিজ উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, রাতে বাড়ির মূল ফটকে তালা দিয়ে ঘরের ভেতরে ছিলেন মফিজ উদ্দিন ও তার স্ত্রী।
এ সময় ঘরের দরজা খোলা ছিল। রাত ১১টার দিকে তিনজন ব্যক্তি ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে ওই দম্পতির গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখান ও চিৎকার করতে নিষেধ করেন। একপর্যায়ে বিছানার চাদর দিয়ে তাদের মুখ ঢেকে দেয় তারা।পরে তারা ঘরে থাকা দুটি স্টিলের আলমারি, ওয়ারড্রব, কাঠের আলমারি ভেঙে ফেলেন। সেখান থেকে নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মুঠোফোন লুট করেন। রাদ ৩টার দিকে তারা বাড়ি ত্যাগ করেন। খবরটি পুলিশকে জানানো হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
ভুক্তভোগী মফিজ উদ্দিন বলেন, রাতে গেটে তালা দিয়ে ঘরে ঢুকেছি। তখনও দরজা লাগাইনি। এরমধ্যে ১১টার দিকে তিনজন ঘরে ঢুকে পড়ে। গলায় ছুরি ধরে বিছানার চাদর দিয়ে ঢেকে ঘরে লুটপাট করে।পিয়ারা বেগম বলেন, তিনজনের বয়স ১৫-২০ বছরের মতো হবে। তারা হাফ প্যান্ট পরিহিত ছিল। আমি ডাক্তারের কাছে যাব, চিকিৎসার জন্য ঘরে টাকা আছে, কোন হাসপাতালে যাব সব তথ্য তাদের কাছে ছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।