
আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে নিবন্ধিত শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার সকালে আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার নিবন্ধিত ৪ হাজার ৮০ জন কোমলমতি শিশুর জন্য বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে একটি করে মশারি, একটি গোসলের সাবান এবং এক প্যাকেট হুইল ওয়াশিং পাউডার প্রদান করা হয়।
এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আবু জিহাদ, চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, ফিল্ড অপারেশন অফিসার মো. জহির, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস ও রাধারাণী মণ্ডলসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস-এর কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিশু ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিশাল আকৃতির একটি জন্মদিনের কেক কেটে শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুদের ওপর অযথা মানসিক চাপ সৃষ্টি না করে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে।”বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্য সহায়তা, পুষ্টি চাহিদা পূরণে হাঁস বিতরণ, বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য বীজ সরবরাহ, শীতকালে কম্বল বিতরণ এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের সার্বিক বিকাশ ও পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।