
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুন্দরদী এলাকার টরকী হাই স্কুলের পেছনে পলাশ মিত্রের বসতবাড়ির সামনে মাদক কেনাবেচা হচ্ছে। পরে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. সোহেল মোড়ল (২৬) ও মো. রিয়াদ সরদার (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০ দশমিক ৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় এসআই মো. জহিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া সোহেল মোড়লের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। এছাড়া রিয়াদ সরদারের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।