
মোঃ রুবেল, স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাকশ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজনদের বিরুদ্ধে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন—ভাদাইলের খোরশেদ মুন্সির ছেলে শরিফ ও আরিফ, সুরুজের ছেলে হিরন এবং বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভাদাইল গ্রামের কফিল উদ্দিন কফুর ছেলে পোশাকশ্রমিক শাজাহান রাতে স্থানীয় একটি দোকানে বসে হালিম খাচ্ছিলেন। এ সময় শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলী সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন বলে অভিযোগ।
একপর্যায়ে শাজাহানকে উদ্দেশ করে বলা হয়, ‘তোর কত বড় সাহস, তুই ইসরাফিলের নির্বাচন করিস।’
মারধরে শাজাহান আহত ও রক্তাক্ত হলে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ বলেন, “আমরা দেখি কয়েকজন মিলে শাজাহানকে মারধর করছে। পরে আমরা কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয় বাসিন্দা আলমগীর বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনায় আমরা বিস্মিত। নির্বাচনের আগেই যদি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।”
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “শাজাহান আমাকে ভালোবেসে মাঝেমধ্যে আমার নির্বাচনী কার্যালয়ে আসে। সে একটি পোশাক কারখানায় চাকরি করে। এখনই যদি বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর স্বজনরা আমার লোকজনকে এভাবে মারধর করে, তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা অনুমেয়।”
অভিযোগের বিষয়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া ও অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।