
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাঈম নিটওয়্যারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
এদিকে কাঠগড়া আমতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা জানান, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি কারখানা ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।