রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেন চালু হবে। প্রথমে ঢাকা-পাবনা-ঢাকা ট্রেন চালু হবে ১২টি কোচ দিয়ে৷
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার পদ্মা নদীর উপর নির্মিত শতবর্ষী হার্ডিঞ্জ সেতু পরিদর্শন করে সাংবাদিকদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অন্য জায়গাতে নতুন ট্রেন দেওয়া হবে। কিছু জায়গায় কোচ সংকট রয়েছে, সেখানে পাঠাতে হবে। আমরা পর্যায়ক্রমে এগুলো করব।
এ সময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঞা, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমানসহ রেলওয়ে কর্মকর্তারা।
এর আগে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরের বিভিন্ন পুরোনো স্থাপনা ঘুরে দেখেন রেল সচিব। পরে রেলওয়ে মোটরট্রলিতে চড়ে শতবর্ষী পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পরিদর্শন করেন। সফরে রেলপথ সচিব ফাহিমুল ইসলামের সহধর্মিণী ডা. তাহমিনা সঙ্গে ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বাংলানিউজকে জানান, সম্পূর্ণ সরকারি সফরের অংশ হিসেবে তিনি পরিদর্শনে এসেছেন। সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে আনার বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য না দিলেও, তার দাবি সরকারি সফরে সস্ত্রীক যাওয়ার সুযোগ আছে।
শুক্রবার সকালে রেল সচিব পাকশী লালন শাহ সেতু হয়ে কুষ্টিয়া সার্কিট হাউজে যাবেন। এরপর সেখানে দুপুরের মধ্যহ্ন ভোজ শেষে বিকেল কুষ্টিয়া রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করবেন। পরে কুষ্টিয়া সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে শনিবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।