
মানিকছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. ইব্রাহীম (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ছদুরখীল এলাকায় নিজ বাড়ির আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহীম ছদুরখীল এলাকার মো. আবদুর রহিমের দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি তার একটি পা হারিয়েছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।