
‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এমন কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আপিল বিভাগে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতির নামে এমন মন্তব্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর একে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে কার্যতালিকার ১ নম্বরে থাকা ‘এস এম আমিনুজ্জামান ফারুক অ্যান্ড আদার্স বনাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল’ (ক্রিমিনাল আপিল ৮/২০২৪) মামলার দীর্ঘ সময় ধরে শুনানি হয়।
মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশ নেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘সংক্ষিপ্ত রায়ে, কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ অথবা ‘কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’—এ ধরনের কোনো মন্তব্য করেননি। অথচ প্রধান বিচারপতি এমন মন্তব্য করেছেন মর্মে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল। এ ধরনের সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা যথাযথভাবে সংবাদের সঠিকতা যাচাই করলে এমন অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব হতো না।