যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অস্ত্র তৈরির জন্য এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহের চেষ্টা করছে চীনের সামরিক বাহিনী। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রসেসর এখনো যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যের তুলনায় পিছিয়ে থাকায় উন্নত চিপের প্রতি আগ্রহ বাড়ছে বেইজিংয়ের।
কারণ, হুয়াওয়ের অ্যাসেন্ড এবং ক্যামব্রিকনের সিয়ুয়ান সিরিজের মতো চীনা এআই চিপ এখনো এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) উন্নত চিপের সক্ষমতার তুলনায় পিছিয়ে রয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর চীনে এনভিডিয়ার ব্যবসা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাঁর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের প্রসঙ্গে সিঙ্গাপুরভিত্তিক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তার নাম আলোচনায় এসেছে। ওই কর্মকর্তাকে নিয়ে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহ প্রকাশ করেছিল মার্কিন কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহের শুরুতে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, চীনের বিভিন্ন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর তৈরি তথ্য ব্যবহার করে নিজেদের প্রতিদ্বন্দ্বী মডেল প্রশিক্ষণের জন্য নতুন ও জটিল কৌশল গ্রহণ করছে।
এনভিডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীনের এআই তথ্যকেন্দ্রের বাজারে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। তবে রয়টার্সের এক পর্যালোচনায় দেখা গেছে, চীনের তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিভিন্ন কম্পিউটিং প্রকল্পে নিষেধাজ্ঞার আওতাভুক্ত এনভিডিয়ার চিপ ব্যবহার করা হচ্ছে।
এদিকে সোমবার ওয়াশিংটন জানিয়েছে, এনভিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি উন্নত চিপ ব্যবহারের ক্ষেত্রে চীনের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে।
সূত্র: রয়টার্স