
বরিশাল : বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
হামলা ও অগ্নিসংযোগে তিনতলা ভবনটির নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে এবং জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এ সময় ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওই বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। বর্তমানে জিয়াউল আহসান কারাগারে রয়েছেন এবং বাসাটিতে ভাড়াটিয়ারা বসবাস করছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’