
গাজীপুর প্রতিনিধি: কাশিমপুর পশ্চিম বাগবাড়ি এলাকায় সন্ত্রাসী ভূমিদস্যু নয়নের দাপটে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, আক্কাস আলীর ছেলে নয়ন দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে জমি ও স্থাপনা দখল করে আসছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, নয়নের বিরোধিতা করলে প্রকাশ্য হুমকি দেওয়া হয়। সম্পত্তি ছাড়তে না পারলে প্রাণনাশের ভয় দেখানো হয়। সন্ধ্যার পর নয়নের বাহিনীর তৎপরতা আরও বেড়ে যায় এবং রাতভর সশস্ত্র চলাচল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পুরো এলাকা কার্যত জিম্মি হয়ে পড়ে।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংবাদিকদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একাধিক সাংবাদিক জানাচ্ছেন, বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করার চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি সাংবাদিক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।
এলাকার সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দখলকৃত জমির তালিকা প্রণয়ন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
আইন ও ভূমি বিশেষজ্ঞরা বলছেন, জরুরি ভিত্তিতে যৌথ অভিযান, ভূমি রেকর্ড যাচাই ও দখলমুক্তকরণ কার্যক্রম চালানো প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ অস্ত্র দমনে নিয়মিত অভিযান চলছে।
এলাকার মানুষ ও সাংবাদিকরা আশাপ্রকাশ করেছেন, প্রশাসন ও পুলিশের সমন্বিত উদ্যোগে দ্রুত নয়নের দৌরাত্ম্য বন্ধ হবে এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন ও সাংবাদিকতা সম্ভব হবে।