
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় তার নিজ উপজেলা রাণীশংকৈলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি শামীম হোসেন সুমন, সাধারণ সম্পাদক আকতারুর ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি প্রভাষক ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। কামাল আনোয়ার আহমদের এই পদোন্নতির খবরে ঠাকুরগাঁওসহ ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজনৈতিক অঙ্গনে কামাল আনোয়ার আহমদের পথচলা শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ধীরে ধীরে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন।দলীয় নেতাকর্মীদের ভাষ্য, কামাল আনোয়ার কেবল একজন নেতা নন; তিনি তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠক। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মতো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবে কোনো বাধাই তাকে রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিচ্যুত করতে পারেনি। বিশেষ করে ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ এবং ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় কার্যক্রম সমন্বয়, নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং আন্দোলন-সংগ্রামের মাঠে সরব ভূমিকা রাখার কারণে তিনি জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, সংকটময় সময়ে মাঠে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহমদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সংযোগ এবং নেতৃত্বের প্রতি আস্থাশীল অবস্থানের কারণে কেন্দ্রীয় রাজনীতিতে কামাল আনোয়ার আহমদের অবস্থান আরও সুদৃঢ় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করছেন তারা। এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল, পীরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শত শত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থক তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। অনেকেই এ ঘটনাকে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কামাল আনোয়ার আহমদ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং উত্তরাঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে কার্যকর অবদান রাখবেন।