
ঢাকা : রাজধানীর মালিবাগ থেকে বরিশালের গৌরনদীতে যাওয়ার পথে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে স্ত্রী ও মেয়েসহ তিনটি ব্যাগ নিয়ে রওনা হন মোঃ বেলাল হোসেন। গত ৫ নভেম্বরের এ যাত্রায় তাঁর তিনটি ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনায় এবার স্থানীয় বিএনপি নেতা আজাদ মৃধার বিরুদ্ধে ২০ হাজার টাকা সমঝোতার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ বেলাল হোসেন শহীদ জিয়া পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক এবং গৌরনদীর সরিকল ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
বেলাল হোসেনের অভিযোগ, হারিয়ে যাওয়া তিনটি ব্যাগের একটিতে ছিল বিদেশি প্রসাধনসামগ্রী, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। অন্য একটি ব্যাগে ছিল মূল্যবান কাপড়চোপড়, একটি রুপার নূপুর, একটি রুপার চেইন ও হাতের দুটি রুপার আংটি, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। তৃতীয় ব্যাগে ছিল ব্র্যান্ডের পোশাক, মেয়ের পরীক্ষার বই, দামি ফলমূল, আটা-ময়দাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
তিনি জানান, ব্যাগ হারানোর পর এনা পরিবহনের গৌরনদী কাউন্টারে টিকিটের রসিদ নিয়ে যোগাযোগ করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আজাদ মৃধা সমঝোতার উদ্যোগ নেন। আজাদ মৃধা বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বলে জানা গেছে।
বেলাল হোসেনের দাবি, পরবর্তী সময়ে এনা পরিবহনের অফিস থেকে তাঁকে জানানো হয়, বিষয়টি সমঝোতার জন্য আজাদ মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। কিন্তু ওই টাকা তিনি পাননি। বারবার এনা পরিবহনের অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তিনি।
এমনকি কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁর। জরিমানার টাকা চাইতে গেলে উল্টো তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বেলাল হোসেন।
এদিকে আজাদ মৃধার বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর অভিযোগ তুলেছেন বেলাল হোসেন। তাঁর দাবি, বাটাজোর দীঘিরপাড়ের একটি পুকুর হিন্দু সম্প্রদায়ের নামে বরাদ্দ দেওয়ার কথা বলে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে অর্থের বিনিময়ে বিএনপির পদ দেওয়া, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এমনকি মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের মদদ দেওয়ার অভিযোগও তুলেছেন বেলাল হোসেন। তাঁর দাবি, আজাদ মৃধার বিরুদ্ধে থানায় একাধিক লিখিত অভিযোগ রয়েছে।
বেলাল হোসেন জানান, এসব অভিযোগের বিষয়ে গৌরনদী বিএনপির কাছে তদন্তের দাবি জানাবেন। পাশাপাশি আজাদ মৃধার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আজাদ মৃধার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
হারানো ব্যাগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কথিত ২০ হাজার টাকা জরিমানার অর্থের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোঃ বেলাল হোসেন।