
সাভার (ঢাকা) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন এবং দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়েছে।”
এদিকে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সাভার এলাকায় সেনাবাহিনীও মোতায়েন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।